কাফনের কাপড় সহ হুমকির চিঠি, আতঙ্ক শিক্ষক, তদন্তে পুলিশ | বিডি-প্রেস 24 ডট কম

কাফনের কাপড় সহ হুমকির চিঠি, আতঙ্ক শিক্ষক, তদন্তে পুলিশ

12 April 2026, 3:04:47

নাটোরে কাফনের কাপড় সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্ক, তদন্তে পুলিশ

মোঃ সজীব, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।
কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন। রোববার সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে প্রত্যেকটিতে তিনটি করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে প্রেরিত। খামে কোনো প্রেরকের ফোন নম্বর না থাকলেও জনি শেখ সহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।
ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি গুরুদাসপুর ডাকঘর থেকে রেজিস্ট্রির মাধ্যমে প্রেরণ করা হয় এবং একজন পিয়ন অফিসিয়াল রিসিভ নিয়ে সেগুলো কলেজে পৌঁছে দেন।
ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। আমরা বিষয়টি গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ এসে ঘটনাটি পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কলেজটির ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। সংশ্লিষ্টদের ধারণা, ওই বিরোধের জের ধরেই এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: