নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৭/৩-এস সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ফুলাঝিড়ি এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা ইয়াবাভর্তি কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি কার্টনে রাখা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: