শুক্রবার ১৯ জুন, ২০২৬

দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ কয়রাবাসী, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যুবক আটক

18 June, 2026 8:00:40
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ কয়রাবাসী, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যুবক আটক

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ক্ষোভ বাড়ছে সর্বস্তরের মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে রবিউল সরদার নামে এক যুবক কয়রা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অফিস চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরে তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয় এবং পুলিশ তাকে আটক করে।
আটক রবিউল সরদার কয়রা সদর ইউনিয়নের পায়রাতলা আইটি গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, বিদ্যুৎ সংকট নিয়ে মানুষের ক্ষোভ স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্যদিকে স্থানীয়রা বলছেন, শুধু একজন যুবককে আটক করলেই সমস্যার সমাধান হবে না; দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা চলছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport