সোমবার ২৯ জুন, ২০২৬

দীর্ঘদিনের জবরদখলমুক্ত হলো ৬.০০ একর সংরক্ষিত বনভূমি, বন বিভাগের দখলে ফিরল জমি

28 June, 2026 10:57:53
দীর্ঘদিনের জবরদখলমুক্ত হলো ৬.০০ একর সংরক্ষিত বনভূমি, বন বিভাগের দখলে ফিরল জমি

সাকিব আহসান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগরী মৌজায় দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা ৬.০০ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বৃহস্পতিবার পরিচালিত যৌথ অভিযানে জমিটি পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয় এবং সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সাগরী মৌজার ৪৭৭ ও ৪৭৮ নম্বর দাগভুক্ত মোট ৬.০০ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল জবরদখল করে ব্যবহার করছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়। পরবর্তীতে আদালতের রায় এবং সর্বশেষ গেজেট ও বিএস/বিআরএস রেকর্ডে জমিটি বন বিভাগের মালিকানায় বহাল থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জমি জরিপ করে সীমানা নির্ধারণ করা হয় এবং দখলমুক্ত জমিতে বন বিভাগের মালিকানা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সর্দার, সহকারী কমিশনার (ভূমি) এএনএম ইশফাকুর কবির, বন বিভাগের কর্মকর্তা মহসিন আলীসহ প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে রাখা হয়েছিল। আজ প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।”
বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী বলেন, “সাগুনী মৌজার ৪৭৭ ও ৪৭৮ নম্বর দাগের সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন জবরদখলে ছিল। আদালতের রায়, গেজেট এবং সর্বশেষ ভূমি রেকর্ডে জমিটি বন বিভাগের মালিকানায় নিশ্চিত হওয়ার পর প্রশাসনের সহযোগিতায় এটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে পর্যায়ক্রমে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ দিনাজপুরের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও দখলমুক্তকরণ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport