শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. এনামুল হক

12 November, 2026 11:37:08
দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. এনামুল হক

মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :-

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির মুহাদ্দিস ড. এনামুল হক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষকের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

ড. এনামুল হক বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস (সহকারী অধ্যাপক) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ইসলামি চিন্তাবিদ ও গবেষক হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

এর আগে ২০০৪ ও ২০০৭ সালে বিরামপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ড. এনামুল হক। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

১৯৭৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন ড. এনামুল হক। মাদরাসায় শিক্ষাজীবন শুরু করার পর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল, দিনাজপুর সরকারি কলেজ থেকে বিএ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

এমএ পরীক্ষায় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান তিনি। তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে পদকটি গ্রহণ করেন।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর গবেষণার বিষয় ছিল ‘আল হাদীসে বর্ণিত প্রাচীন জাতিগোষ্ঠী: কাহিনী ও শিক্ষা’।

১৯৯৮ সালের ৯ আগস্ট বিজুল দারুল হুদা কামিল মাদরাসার হাদিস বিভাগের মুহাদ্দিস হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করছেন। বর্তমানে প্রধান মুহাদ্দিসের দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি গবেষণামূলক লেখালেখিতেও সক্রিয় ড. এনামুল হক। তাঁর শতাধিক গবেষণামূলক প্রবন্ধ, ইসলামি চিন্তাধারাভিত্তিক নিবন্ধ ও সমসাময়িক বিষয়ক লেখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তিনি বিরামপুর প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard