তীব্র শীতে স্বস্তির হাসিঃ চিতলমারীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম

তীব্র শীতে স্বস্তির হাসিঃ চিতলমারীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

5 January 2026, 6:13:31

তীব্র শীতে স্বস্তির হাসিঃ চিতলমারীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আজাদ খান চিতলমারী, বাগেরহাটঃ ৫ জানুয়ারী ২০২৬।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে চিতলমারী উপজেলা প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়। উপজেলার বড়গুনী মদিনাতুল উলুম এতিমখানা, সন্তোষপুর বটতলা নূরানী কেবাতিয়া এতিমখানা, উত্তর লড়ারকুল তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রহমতপুর হেমায়েতিয়া এতিমখানা, পরানপুর ডোবাতলা ইসলামিয়া এতিমখানা, শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা এতিমখানা এবং বড়গুনি জামালুল কুরআন নাহারুন্নেসা মহিলা মাদ্রাসাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের সামাজিক ও মানবিক দায়িত্ব। প্রতিবছরের মতো এ বছরও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে শীতের কষ্টে ভোগা দরিদ্র ও অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: