ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলা: ঢাকার র্যাব কর্তৃক দ্বিতীয় আসামি গ্রেফতার
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলা: ঢাকার র্যাব কর্তৃক দ্বিতীয় আসামি গ্রেফতার
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়ক এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে গৃহবধূ মলিনা রায়কে হত্যার চাঞ্চল্যকর মামলায় দ্বিতীয় আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গ্রামের মলিনা রায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা ঝালকাঠি সদর থানার ১৭ নম্বর মামলার এই আসামিকে ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেফতারকৃত জুয়েল (নয়ন) ডাকুয়াকে ঝালকাঠিতে এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিতোষ নিহত মলিনা রায়ের একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তিনি স্ত্রী পল্লবী রায় ও এক সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন।
তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশায় অবস্থান করছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিতোষ তার সহযোগী জুয়েল (নয়ন) ডাকুয়াকে সঙ্গে নিয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ঘরের দরজা ভাঙার শব্দ পেয়ে গৃহবধূ মলিনা রায় ঘটনাটি টের পান এবং প্রধান আসামি রিতোষকে চিনে ফেলেন। নিজেদের অপরাধ প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় দুই আসামি তাৎক্ষণিকভাবে তার মুখ চেপে ধরেন।
এরপর তার হাত-পা বেঁধে মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডকে একটি সাধারণ চুরির ঘটনা হিসেবে সাজাতে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়া বাসায় গিয়েও জিনিসপত্র এলোমেলো করে রাখেন, যাতে সবাই সেটিকেও চুরির শিকার বলে মনে করেন। হত্যাকাণ্ডের পর দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে প্রধান আসামি রিতোষকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার র্যাব অভিযান চালিয়ে মামলার অপর আসামি জুয়েল (নয়ন) ডাকুয়াকে আটক করে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



