জুলাইয়ের অমর শহীদদের স্মরণে মোরেলগঞ্জে দোয়া ও স্মরণসভা
জুলাইয়ের অমর শহীদদের স্মরণে মোরেলগঞ্জে দোয়া ও স্মরণসভা
মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে নিহত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামের শহীদ মাহফুজুর রহমানসহ দেশের সকল শহীদের স্মরণে দোয়া, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক শহীদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল মালেক আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম, শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে শহীদদের আদর্শ ও আত্মত্যাগ পৌঁছে দেওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শহীদ মাহফুজ, আলবি, আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ জীবন উৎসর্গ করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যকর না হওয়া পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোলচত্বরে অবস্থানকালে পুলিশের গুলিতে শহীদ হন মিরপুর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান। তিনি মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের একমাত্র ছেলে ছিলেন। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, সমগ্র মোরেলগঞ্জবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। তাঁর স্মৃতিকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা।
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



