চিতলমারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত
চিতলমারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিপাদ্যঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”
বাগেরহাটের চিতলমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
দিবসটি প্রথম পালিত হয় ২০০০ সালে। এর সূত্রপাত ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপনসিবল ফর ইয়ুথ-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী যুবকদের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে সরকার ও সমাজকে সচেতন করা।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটির প্রথম প্রহরে চিতলমারী উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ অলিউল্লাহ এবং পবিত্র গীতা পাঠ করেন বাবু রতন মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। এরপর উপস্থিত সবাই যুব দিবসের শপথ পাঠে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন পাল এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হোসাইন।
সফল আত্মকর্মীর অভিজ্ঞতা তুলে ধরেন উপজেলার বোয়ালিয়া গ্রামের রতন মন্ডল। এছাড়া চিতলমারী যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন রহমত শেখ এবং শ্যামপাড়া যুব সংগঠনের পক্ষে বক্তব্য দেন মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
কর্মসূচির শেষ পর্যায়ে প্রশিক্ষণ সনদপত্র, ব্যাগ ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: