চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ চালুর বিষয়ে গুরুত্বারোপ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ চালুর বিষয়ে গুরুত্বারোপ

22 October 2026, 10:42:23

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ চালুর বিষয়ে গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন, দ্রুত আইসিইউ সেবা চালু এবং জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে চিকিৎসক ও জনবল সংকট নিরসন, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আইসিইউ সেবা চালু করা জরুরি। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের মোট দাবি—একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, ডা. মো. ময়েজ উদ্দিন এবং সাবেক পৌর মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই জেলার স্বাস্থ্য খাতের চিত্র পরিবর্তিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard