খুলনায় বস্তাবন্দি কিশোরীর লাশের পরিচয় শনাক্ত; মায়ের জবানবন্দি, বাবা রিমান্ডে
খুলনায় বস্তাবন্দি কিশোরীর লাশের পরিচয় শনাক্ত; মায়ের জবানবন্দি, বাবা রিমান্ডে
নজরুল ইসলাম নবী, বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনা নগরীর বসুপাড়া এলাকার ১৭ বছর বয়সী কিশোরী নির্জনা হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। মামলায় গ্রেপ্তার হওয়া তার মা শিমা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে, নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকা ৩ নম্বর সড়ক থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। পরবর্তী তদন্তে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে নির্জনা (১৭)।
ঘটনার পর খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নিহতের বাবা আকাশকে আটক করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, যেখানে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি কিছু বহনের দৃশ্য দেখা যায়। তদন্তের স্বার্থে ওই ফুটেজসহ বিভিন্ন আলামত যাচাই-বাছাই করছে পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় নিহতের মা শিমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, সে বিষয়ে তদন্তের স্বার্থে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
অন্যদিকে, বাবা আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে প্রাপ্ত তথ্য, জবানবন্দি, ফরেনসিক প্রতিবেদন এবং অন্যান্য আলামত বিশ্লেষণের পর মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
এ ঘটনায় খুলনাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাহিদুর রহমান বলেন, ঘটনাটি তিনি সার্বক্ষণিক তদারকি করেছেন। দ্রুত তদন্তের মাধ্যমে সন্দেহভাজনদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ দমনে খুলনা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। শান্ত খুলনার আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



