বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা

18 November, 2026 10:00:30
কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা

মোঃ ইমরান মুন্সি,​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পাখির চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীর ভাঙনসহ স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছিল।

​এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে।

​অভিযানে আটককৃতরা হলেন—বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাফিলা এলাকার মো. নাঈম শরীফ (২০), কাঁঠালিয়া উপজেলার মধ্য কৈখালী এলাকার মো. মিলন (২৯), বরগুনা জেলার তেতুলবাড়ীয়া এলাকার মো. নিজাম (৩৯) ও দক্ষিণ তেতুলবাড়ীয়ার মো. ইসমাইল (২৭) এবং রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হায়দার সিকদার (৩২)।

​প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, বিষখালী নদীতে নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী বা প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard