বুধবার ৪ নভেম্বর, ২০২৬

কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময়

3 November, 2026 11:18:31
কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময়

দেওয়ান মাসুকুর রহমান,  শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ নভেম্বর ২০২৬ :

দীর্ঘ ও বর্ণাঢ্য ব্যাংকিং জীবনের সফল সমাপ্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন। তিনি ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সভাপতি এবং সাপ্তাহিক ধলাই পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের অভিজাত রেস্টুরেন্ট ‘গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে’ শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবেগঘন বক্তব্যে মো. সালাহ্ উদ্দিন বলেন, দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি তাঁর জীবনের বিশেষ মুহূর্ত। চাকরি মানুষকে পরিচয় দিলেও মানুষের ভালোবাসা ও সম্মানই একজন মানুষকে স্মরণীয় করে রাখে। কর্মজীবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সখ্যতা ও আন্তরিক সম্পর্ককে তিনি জীবনের অন্যতম মূল্যবান অর্জন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পদ-পদবি ও কর্মজীবনের পরিচয় একসময় শেষ হয়ে যায়। কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ এবং মানুষের হৃদয়ে অর্জিত সম্মান থেকে যায়। প্রকৃত সাফল্য শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং আস্থা অর্জনের মধ্যেই সাফল্যের প্রকৃত অর্থ নিহিত।

কর্মজীবনে তাঁর কোনো কথা, আচরণ কিংবা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, লেখনী, ক্যামেরা ও কণ্ঠের মাধ্যমে সত্য, ন্যায় এবং মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ অব্যাহত রাখতে হবে। দাপ্তরিক দায়িত্বের সমাপ্তি ঘটলেও তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতার কোনো সমাপ্তি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মো. সালাহ্ উদ্দিনের বর্ণাঢ্য কর্মজীবন ও তাঁর পেশাগত অবদান নিয়ে বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। জনতা ব্যাংকে পারিবারিকভাবে একাউন্ট থাকার সুবাদে সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আজকের এই আয়োজনটি নিছক একটি বিদায় বা শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান নয়; এটি একজন কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও অভিজ্ঞ ব্যাংকারের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
জনাব মো. সালাহ্ উদ্দিন দীর্ঘ ব্যাংকিং জীবনে তাঁর মেধা, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে যে কর্মদৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। একজন ব্যাংকার হিসেবে তিনি যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাপ্তাহিক ধলাই পত্রিকার উপদেষ্টা হিসেবে সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।”

আরও বক্তব্য দেন ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, জ্যেষ্ঠ সাংবাদি ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের প্রতিবেদক ইসমাইল মাহমুদ, নয়া দিগন্তের এম এ রকিব, সাংবাদিক মামুন আহমেদ, এহসানুল হক, আতাউর রহমান কাজল, খোলাচিঠির নান্টু রায়, আমার দেশের কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মিজানুর রহমান আলম, দৈনিক সময়ের আলোর শামসুল ইসলাম শামীম, মানবজমিনের জামাল মিয়া, ফটোসাংবাদিক সুলতান আহমদ, তানভীর আহমেদ কাউছার, চায়ের জনপদের মোহাম্মদ আল আমিন, মো. এমরান হোসেন, পিন্টু দেব নাথ ও চায়ের দেশ-এর সনেট দেব চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তব্যের শেষ পর্যায়ে সালাহ্ উদ্দিন বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। কর্মক্ষেত্রে হয়তো আর আগের মতো দেখা হবে না, তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাটানো সময়, স্মৃতি ও ভালোবাসা তাঁর হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard