সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে

3 November 2026, 10:47:08

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে

বিপ্লব মল্লিক (বাগেরহাট):

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত সাত্তার বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দস্যুদের ফেলে যাওয়া চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই দিনে সুন্দরবনের অন্য একটি এলাকায় পৃথক অভিযানে আরও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে দুই অভিযানে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৪টায় খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী যৌথভাবে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, ডাকাত সাত্তার বাহিনীর সদস্যরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেদের ফেলে বনের গহীনে পালিয়ে যায় দস্যুরা। পরে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তাঁরা সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা।

এদিকে, একই দিন সকাল ১১টায় সুন্দরবনের দাকোপ থানাধীন কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন নলিয়ান। ডাকাতির উদ্দেশ্যে একটি দল সেখানে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই দলের সদস্যরাও বনের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় চারটি একনলা বন্দুক, একটি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে ব্রিফিংয়ে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ (এক্স), বিএন এসব তথ্য জানান।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা এবং জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard