শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিএমএবির সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

15 May, 2026 10:32:10
আইসিএমএবির সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবদূত কর তীর্থ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে কোর্স ছাড়, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেমিনারের উদ্বোধনী পর্বে ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে আইসিএমএবি এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পৃথক দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। আইসিএমএবির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ সম্পন্নকারী শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ছয়টি কোর্সে ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, মেন্টরিং ও কোচিং কার্যক্রম পরিচালনা করা হবে।

আয়োজকদের মতে, বাস্তবভিত্তিক শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের করপোরেট জগতে প্রতিযোগিতামূলক দক্ষতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কেও ব্যবহারিক ধারণা দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard