সাংবাদিক লিপুর ওপর সন্ত্রাসী হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯

সাংবাদিক লিপুর ওপর সন্ত্রাসী হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

11 May 2026, 12:26:35

সাংবাদিক লিপুর ওপর সন্ত্রাসী হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি, ঝালকাঠিঃ

​ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসী ‘শান্ত বাহিনী’র হামলায় গুরুতর আহত সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​আজ রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি জেলা পুলিশ কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যমকর্মীরা। মঈনুল হক লিপু দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য।

উল্লেখ্য, সম্প্রতি রাজাপুরের কুখ্যাত ‘শান্ত বাহিনী’র সন্ত্রাসীরা সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকেই জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​আজ বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বর্তমানে দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

​স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্মারকলিপি পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করার নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

​স্মারকলিপি প্রদানকালে ঝালকাঠি প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard