মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে গুরুতর আহত, চোখ নষ্টের অভিযোগ
মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে গুরুতর আহত, চোখ নষ্টের অভিযোগ

মাহামুদুল হাসান মাইকেল,মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনির ঘটনায় গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার হাত-পা ভেঙে দেওয়া এবং চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা বিল এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে আংরা বিলের একটি মাছের ঘেরে জাল ফেলে মাছ ধরার সময় শুকুর (৪২) ও একই এলাকার মকবুল মোল্লার ছেলে দিনু মোল্লা (৪০) নামের দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান ঘেরের মালিক পক্ষের লোকজন। এ সময় ঘের মালিক লিয়াকত মুন্সীর ছেলে রোমান মুন্সী তাদের আটকানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দিনু মোল্লা পালিয়ে যেতে সক্ষম হলেও শুকুরকে স্থানীয় লোকজন আটক করে।
পরে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে কিছু লোক তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে। এতে তার হাত-পা ভেঙে যায় এবং চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। বর্তমানে আহত শুকুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘের মালিক লিয়াকত মুন্সী জানান, মাছ চুরির সময় তার ছেলে রোমান মুন্সী তাদের ধরে ফেললে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে একজনকে আটক করে। তবে কারা তাকে গুরুতরভাবে আহত করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
অন্যদিকে আহত শুকুরের পরিবারের দাবি, তিনি নিজ ঘের দেখাশোনার জন্য সেখানে গিয়েছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, মাছ চুরির সন্দেহে স্থানীয়দের হাতে একজন আটক হয় এবং পরে তাকে মারধরের ঘটনা ঘটে। এতে তার একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: