বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের প্রথম সেমিনার অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের প্রথম সেমিনার অনুষ্ঠিত

30 April 2026, 10:00:15

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের প্রথম সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ২০২৫–২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত চারটি বিভাগের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় উপাচার্য তার বক্তব্যে গবেষণার বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গবেষকদের কাজ যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে।” তিনি আরও বলেন, মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। বিজনেস স্টাডিজ অনুষদের চারটি বিভাগের বহিঃস্থ বিশেষজ্ঞরা অনলাইনে সংযুক্ত হয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় প্রতিটি বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়াও সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard