চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা, মহেশ্বরীপুরে গণসংযোগে ব্যস্ত সালমান হায়দার সেলিম
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা, মহেশ্বরীপুরে গণসংযোগে ব্যস্ত সালমান হায়দার সেলিম

কয়রা উপজেলা প্রতিনিধি:
আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজসেবক সালমান হায়দার সেলিম।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সালমান হায়দার সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দাবি করেন তাঁর অনুসারীরা। পাশাপাশি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় পর্যায়ে তাঁর একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেও তাঁরা জানান।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, মহেশ্বরীপুর ইউনিয়নের মানুষ আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। তাঁদের মতে, প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।
সালমান হায়দার সেলিম বলেন, “দলের দুঃসময়ে আমি দীর্ঘদিন রাজপথে ছিলাম এবং আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছি। মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
এদিকে তাঁর অনুসারীরা বলছেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ আরও বাড়ছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন মহেশ্বরীপুর ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: