গুরুদাসপুরে অনুমোদনহীন গোডাউনে সার মজুত, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

গুরুদাসপুরে অনুমোদনহীন গোডাউনে সার মজুত, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

26 August 2026, 12:08:53

গুরুদাসপুরে অনুমোদনহীন গোডাউনে সার মজুত, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

সজিবুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন গোডাউনে সার মজুত রাখার দায়ে মেসার্স এল আর ট্রেডার্সের মালিক ও বিএডিসি সার ডিলার মো. লুৎফর রহমান কারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর হাজির মোড় সিংড়া থানার সিমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিস ও প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।
অভিযানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী জাহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর রানা উপস্থিত ছিলেন। এ সময় গুরুদাসপুর থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সারের বাজার নিয়ন্ত্রণ, অবৈধ মজুত ও পাচার বন্ধে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সমন্বয়ে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্ধারিত মূল্যে সার বিক্রি, অবৈধ মজুত ও পাচার বন্ধে ডিলারদের সতর্ক করা হয়। এরপর থেকেই উপজেলার বিভিন্ন সার ডিলার পয়েন্ট ও গোডাউনে তদারকি জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নাজিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স এল আর ট্রেডার্সের একটি অনুমোদনহীন গোডাউনে সার মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, “সারের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুত ও পাচার বন্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। নিয়মবহির্ভূতভাবে সার মজুত বা বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: