কয়রায় ঘরের বেড়া কেটে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কয়রায় ঘরের বেড়া কেটে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

18 May 2026, 11:27:29

কয়রায় ঘরের বেড়া কেটে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীও।
রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা নিহতের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢুকেছে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে। আমাদের চোখের সামনে ওনাকে মেরে ফেলেছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।”
স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি চুরি ও সিঁধ কাটার ঘটনা বেড়ে গেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরাও ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করেছিল। তবে এর পেছনে অন্য কোনো শত্রুতা বা পরিকল্পিত কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard