কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সপ্তম প্রয়াণ দিবস আজ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ইতিহাস / বিস্তারিত

কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সপ্তম প্রয়াণ দিবস আজ

29 May 2026, 10:09:52

কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সপ্তম প্রয়াণ দিবস আজ

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধিঃ 

মৌলভীবাজার থেকে প্রকাশিত জনগণের সংগ্রামের সহযোদ্ধা, একসময়ের জননন্দিত পত্রিকা সাপ্তাহিক মনুবার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর সদস্য আজীবন সংগ্রামী নেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সপ্তম প্রয়াণ দিবস আজ।

জননন্দিত নেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ নিপীড়িত-বিপন্ন গণমানুষের আত্মার আত্মীয় ছিলেন; ছিলেন সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক মুক্তিসংগ্রামের অগ্রদূত।

আজ থেকে সাতবছর আগে তিনি অনেকটা নিরবেই চলে গিয়েছিলেন। তাঁর প্রয়াণে আমরা হারিয়েছিলাম প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সাম্য-মানবিক সমাজ গঠনের নিরন্তর লড়াইয়ের এক পুরোধাকে! তবে, লড়াই সংগ্রামের আলোকবর্তিকা হয়ে আছেন তিনি আমাদের মাঝেই।

দুনিয়ার মজদুর এক হও!

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ (জন্ম: ১১ জুলাই ১৯৫৪, মৃত্যু: ২৯ মে ২০১৯)

জীবনপঞ্জি

কমরেড সৈয়দ আবু জাফর আহমদ (১৯৫৪-২০১৯)

১৯৫৪: ১১ জুলাই জন্ম, কমলগঞ্জ থানায় রঘুনাথপুর গ্রামে।

১৯৫৯: সৈয়ারপুর লক্ষ্মীবালা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবনের শুরু।

১৯৬১: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি।

১৯৬৯। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ এবং মামা সৈয়দ মতিউর রহমানের অনুপ্রেরণায় গণ-অভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক চেতনার স্ফুরণ। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার মহকুমা শাখায় সক্রিয় কর্মী হিসেবে যোগদান।

১৯৭০: মৌলভীবাজার কলেজ থেকে ছাত্র ইউনিয়নের মনোনীত প্রার্থী হিসেবে কলেজ সংসদের সাহিত্য সম্পাদক হিসেবে নির্বাচিত।

১৯৭১: মহান মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন, ন্যাপ, কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনী গঠনে ভূমিকা পালন ও দেশের অভ্যন্তরে কাগজপত্র সংগ্রহসহ নানাবিধ কাজে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে অংশগ্রহণ।

১৯৭২: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। মৌলভীবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বভার গ্রহণ।

১৯৭৩: মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়ন মনোনীত প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত এবং ছাত্র রাজনীতিতে থাকা অবস্থাতেই কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ। সিলেটে চা-শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে প্রথম কারাগার জীবন বরণ। মৌলভীবাজারে উদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর লক্ষে জোরালো তৎপরতা শুরু।

১৯৭৪ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন।

১৯৭৫: সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে সামরিক শাসনামলে বিনা বিচারে প্রায় এক বছর সিলেট জেলে হাজত বাস।

১৯৭৬: কারাগার থেকে মুক্তিলাভ।

১৯৭৮: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব লাভ। পরবর্তীতে মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

১৯৭৯: তৎকালীন জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (পূর্বজার্মানি) গমন ও এক বছরের জন্য মার্কসবাদ লেলিনবাদের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ।

১৯৮২-৮৩: স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি ক্ষেতমজুরদের সংগঠিত করে ক্ষেতমজুর সমিতি গঠনে আত্মনিয়োগ করেন।

১৯৮৩: সিমিটার বিরোধী আন্দোলনে ঢাকা সিলেট পদযাত্রা সফল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সময় তাঁর উপর প্রশাসনের খবরদারী আরোপিত হয়।

১৯৮৬: জাতীয় সংসদ নির্বাচনে ১৫ দলীয় জোটের পক্ষে জনমত গঠন ও জোট প্রার্থীদের পক্ষে কাজ করা।

১৯৮৭ : ১৭ এপ্রিল কাউছার পারভিন ডলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৮৯-৯০: স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।

১৯৯১ : তাঁর সম্পাদনায় সাপ্তাহিক মনুবার্তার প্রকাশ, সাংবাদিকতা-সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্তরিক প্রচেষ্টা। পার্টির নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা। তাঁর আগ্রহ ও অনুপ্রেরণায় মৌলভীবাজারে হো চি মিন জন্মশত বার্ষিকী উদযাপন।

১৯৯২: ৩০ জুলাই বড় মেয়ে সৈয়দা তাইফা রুবাইয়াত প্রসার জন্ম। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন ও আন্দোলনে মৌলভীবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

১৯৯৫: ০৫ অক্টোবর ছোট মেয়ে সৈয়দা তাহরিমা রুবাইয়াত প্রান্তির জন্ম।

১৯৯৬: মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে নির্বাচনে অংশগ্রহণ।

১৯৯৭: ১৪ জুন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায় আন্দোলনে অংশগ্রহণ।

১৯৯৯: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক বছরব্যাপী জন্ম শতবর্ষ উদ্যাপনের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন।

২০০১: ০৩ এপ্রিল ছেলে সৈয়দ তাবিদ আহমদ প্রতীক এর জন্ম।

২০০২ : ঢাকা-বিবিয়ানা লং মার্চে সিলেট বিভাগীয় সমন্বয়ক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন।

২০০৫: ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিষ্ফোরণে ক্ষতিপূরণ আদায়ের অন্দোলনে অংশগ্রহণ।

২০০৮: মৌলভীবাজারে মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম শতবর্ষ পালন ও মানিক সাহিত্য কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতার আয়েজনের উদ্যোগ গ্রহণ। মৌলভীবাজারে গণমানুষের কবি দিলওয়ার এর সংবর্ধনা প্রদানে উদ্যোগী ভূমিকা পালন। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে নির্বাচনে অংশগ্রহণ।

২০০৯: প্রান্তিক শব্দকর জনগোষ্ঠীকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ ও তাদের উপস্থিতিতে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করেন।

২০১০: পার্টির নির্দেশে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করতে তিনি ঢাকা সিপিবির কেন্দ্রীয় অফিসে অবস্থান করেন।

২০১২: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

২০১৪: মৌলভীবাজারে তাঁর উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষ পালন।

২০১৬ : অক্টোবর মাসে দ্বিতীয়বারের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন।

২০১৭: শারীরিক অসস্থতার জন্য ডাক্তারের পরামর্শ মেনে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি। প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন। মৌলভীবাজারে তাঁর নেতৃত্বে বড় আকারে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন।

২০১৮: উদীচীর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলভীবাজার উদীচীর প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে কেন্দ্রীয় কমিটি থেকে সম্মাননা লাভ। গ্রিসে অনুষ্ঠিত সারা বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কাস পার্টিসমূহের আন্তর্জাতিক সভায় সিপিবির প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিল। পার্টির প্রতিনিধি হিসেবে ভারত, নেপাল, চীন, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্কসহ বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। মৌলভীবাজারে তাঁর উদ্যোগ ও নেতৃত্বে কার্ল মার্কস এর জন্ম দ্বিশত বার্ষিকী উদযাপন

২০১৯ : ২৯ মে (২৮ মে রাত ১২:৩০টায়) ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৌলভীবাজার থেকে প্রকাশিত জনগণের সংগ্রামের সহযোদ্ধা, একসময়ের জননন্দিত পত্রিকা সাপ্তাহিক মনুবার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর সদস্য আজীবন সংগ্রামী নেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: