আলীকদমের রেপার পাড়ায় আইনি প্রক্রিয়া না মেনেই উচ্ছেদের অভিযোগ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে: সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের | বিডি-প্রেস 24 ডট কম

আলীকদমের রেপার পাড়ায় আইনি প্রক্রিয়া না মেনেই উচ্ছেদের অভিযোগ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে: সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

7 May 2026, 7:00:46

আলীকদমের রেপার পাড়ায় আইনি প্রক্রিয়া না মেনেই উচ্ছেদের অভিযোগ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে: সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

মোঃ নুরুল ইসলাম রাজু , আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে প্রান্তিক ও নিম্নআয়ের একাধিক পরিবারের বসতভিটা উচ্ছেদের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই হঠাৎ অভিযান চালিয়ে তাদের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আকস্মিক এ উচ্ছেদে পরিবারগুলো চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য, তারা পুরুষানুক্রমে ওই এলাকায় বসবাস করে আসছে এবং অনেকের কাছেই জমির বৈধ দলিলপত্র রয়েছে।

একজন ভুক্তভোগী বলেন, “বছরের পর বছর ধরে এখানে আমাদের বসবাস। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ এসে ঘর ভেঙে দিল। এখন শিশু-বৃদ্ধ নিয়ে কোথায় যাব?”

আইন অনুযায়ী, সংরক্ষিত বা সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকলেও উচ্ছেদের আগে সংশ্লিষ্টদের লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক। স্থানীয়দের অভিযোগ, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কোনোটিই অনুসরণ করা হয়নি। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানকালে নারী, শিশু ও বৃদ্ধরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করেন। ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়েছে। বর্তমানে বেশ কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। কেউ কেউ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

ক্ষতিগ্রস্তরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: