শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

29 June 2026, 1:02:57

শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

দেওয়ান মাসুকুর রহমান,  শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ জুন ২০২৬ :

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সিনথিয়া তাসমিন (UH&FPO) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ডাঃ সিনথিয়া তাসমিন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুন খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেছেন, “উপজেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ২২১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট ২১২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক। এছাড়া পৌরসভা এলাকায় ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পৌরসভা এলাকায় মোট ৪ হাজার শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সের শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এডভোকেসি সভায় ক্যাম্পেইনের কার্যক্রম, কেন্দ্র পরিচালনা, শিশু শনাক্তকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা সঠিক মাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য রয়েছে নীল রঙের ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য রয়েছে লাল রঙের ক্যাপসুল।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা কমানো এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে। জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে পরিচালিত এ কর্মসূচি শিশুস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলার সকল অভিভাবকের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত বয়সের কোনো শিশুকে যেন এ কর্মসূচির বাইরে রাখা না হয়। অভিভাবকদের নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের সহযোগিতায় শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশু এর সুফল পাবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: