হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে ডায়াগনস্টিক সেন্টার, রোগী নিরাপত্তা নিয়ে শঙ্কা
হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে ডায়াগনস্টিক সেন্টার, রোগী নিরাপত্তা নিয়ে শঙ্কা

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন এলাকায় ‘জমজম মেডিকেল সার্ভিসেস’ নামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে রোগী নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভবনটির নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এমন অবস্থায় সেখানে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভবনের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলমান থাকায় এটি ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত বায়ু চলাচল, নিরাপদ অবকাঠামো এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এসব শর্ত পূরণ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক ভুক্তভোগী বলেন, নির্মাণাধীন ভবনে রোগী নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি দ্রুত দেখা উচিত।
স্থানীয়দের দাবি, রোগীদের জীবন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ‘জমজম মেডিকেল সার্ভিসেস’-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর, জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: