কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩

3 June 2026, 5:30:33

কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে মোট তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে রামু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন টমটমে তল্লাশি চালিয়ে দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানও চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক কারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: