ফকিরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা
ফকিরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা

বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড়খাজুরা গ্রামে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লখপুর ইউনিয়নের ওই গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত মেহেদী হাসান বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। পেশায় তিনি বাসচালক ছিলেন। স্ত্রী মুন্নি আক্তারকে নিয়ে গত ১১ নভেম্বর ফকিরহাটের বড়খাজুরা গ্রামের হৃদয় ইসলামের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তাঁরা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী মুন্নি আক্তার বলেন, রাতে তিনি অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে স্বামীকে ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
বাড়ির গৃহকর্তা হৃদয় ইসলামের স্ত্রী মোসা. আসমা বেগম বলেন, গত ১১ নভেম্বর ওই দম্পতি তাঁর বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় মেহেদী ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: