জন্মদাতা বাবার বিরুদ্ধে ছেলেকে পালক দাবি করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন
জন্মদাতা বাবার বিরুদ্ধে ছেলেকে পালক দাবি করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বোনের নামে ৩ একর ৭ শতক জমি হস্তান্তর এবং নামজারির আবেদনে বিতর্কিত ওয়ারিশ সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে। নিজের উত্তরাধিকারী অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে দাবি করে বাবা ও স্বজনদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোঃ জামশেদ আলী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় চিতলমারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জামশেদ উপজেলার আড়ুয়াবর্ণী হিন্দুপাড়ার বাসিন্দা আশরাফ আলী শেখ ও প্রয়াত জাহানারা বেগমের ছেলে।
সংবাদ সম্মেলনে জামশেদ জানান, তাঁর মা ২০১৮ সালের ১৯ মার্চ মৃত্যুবরণ করেন। তিনি সরকারি চাকরি থেকে সুপারভাইজার পদে অবসর নিয়েছিলেন। মায়ের মৃত্যুর পর ব্যাংকে জমা থাকা অর্থ উত্তোলনের জন্য বাবা আশরাফ আলী শেখ, তিনি নিজে এবং বোন জুথি আক্তার বাগেরহাট জেলা ডেলিগেট আদালতে সাকসেশন মামলা করেন।
আদালতের নথি অনুযায়ী, সাকসেশন অ্যাক্টের ৩৭২ ধারা অনুযায়ী মিস-৪৯/২০২৪ নম্বর মামলাটির আবেদন ২০২৪ সালের ১৯ মে দাখিল করা হয়। এতে তিনজনকে আবেদনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালতের রায় ও সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী ব্যাংকের অর্থ তাঁদের মধ্যে ভাগ করা হয় বলে জানান জামশেদ।
তাঁর অভিযোগ, পরবর্তীতে মামা বাদশা মিয়া শেখ ও মামি ফরিদা বেগমের প্ররোচনায় বাবা আশরাফ আলী শেখ গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বোন জুথি আক্তারের নামে ৩ একর ৭ শতক জমি হেবা বিল এওয়াজ দলিল করে দেন। এতে তাঁকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জামশেদ বলেন, দলিলের পর ওই জমির নামজারি ও জমাভাগের জন্য অনলাইনে আবেদন করেন তাঁর বোন। আবেদনপত্রের সঙ্গে ২০২৩ সালের একটি ওয়ারিশ কায়েম সনদের অনুলিপি জমা দেওয়া হয়। কিন্তু ওই সনদে তাঁর নাম নেই। এ ছাড়া অনুলিপিতে তারিখ ও চেয়ারম্যানের সিলও নেই বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ থেকে এমন কোনো ওয়ারিশ সনদ ইস্যু করা হয়নি। এ কারণে নামজারি আবেদনে ব্যবহৃত সনদের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন জামশেদ। আবেদনটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে নামজারি বাতিলের জন্য পৃথক আবেদন করেছেন বলে জানান তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে উপস্থাপিত নথিতে তাঁর বাবা আশরাফ আলী শেখের স্বাক্ষরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দেওয়ার তথ্য রয়েছে। এর একটিতে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে। জামশেদের দাবি, অভিযোগগুলোতে তাঁকে নেশাগ্রস্ত, বাবাকে হুমকি দেওয়া ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পত্তির অধিকার দাবি করায় তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
নিজের পিতৃপরিচয়ের পক্ষে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং আদালতের সাকসেশন মামলার আবেদনপত্রের কথা উল্লেখ করেন জামশেদ। এসব নথিতে বাবা-মায়ের পরিচয় রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে বিতর্কিত ওয়ারিশ সনদের সত্যতা যাচাই, জমির নামজারি প্রক্রিয়া পর্যালোচনা এবং আইন অনুযায়ী তাঁর প্রাপ্য সম্পত্তির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম পলাশ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: