রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

২৯ দিন পর সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

11 August, 2026 4:53:27
২৯ দিন পর সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

ডেক্স রিপোর্টঃ

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৩২ মিনিটে ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২৫ মে যান্ত্রিক সমস্যার কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে একই ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল। ২০১৭ সালে স্থাপনের পর প্রায় আট বছর চালু থাকার মধ্যে ইউনিটটিতে একাধিকবার যান্ত্রিক জটিলতা দেখা দেয়, ফলে ব্যাহত হয় বিদ্যুৎ উৎপাদন।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট চালু রয়েছে। প্রথম ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, “ইউনিটটি পুনরায় সচল করা সম্ভব হয়েছে। আশা করছি, এখন থেকে এটি নিয়মিতভাবে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৫০ মেগাওয়াট হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বাস্তবে উৎপাদন অনেক সময় ১৩০ থেকে ১৫০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে।

পরবর্তীতে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হয়। তবে স্থাপনের পর থেকেই বিভিন্ন সময়ে যান্ত্রিক সমস্যার কারণে ইউনিটটির উৎপাদন ব্যাহত হয়েছে।

এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, কয়লা সংরক্ষণ ও ইয়ার্ড ব্যবস্থাপনার সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদিত কয়লা সংরক্ষণ এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে নীতিগত সিদ্ধান্তের প্রক্রিয়াও চলছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে কয়লা সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আরও স্থিতিশীল হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard