সোমবার ২০ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ হাওরে আশ্রয় কেন্দ্র নির্মাণ জরুরি  বজ্রপাতে প্রাণহানি রোধে সময়োপযোগী দাবি

20 April, 2026 12:40:50
সুনামগঞ্জ হাওরে আশ্রয় কেন্দ্র নির্মাণ জরুরি  বজ্রপাতে প্রাণহানি রোধে সময়োপযোগী দাবি

খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল প্রতি বছরই বজ্রপাতের ভয়াবহতায় অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়। পরিসংখ্যান অনুযায়ী, জেলায় প্রতিবছর কমপক্ষে ৩০ থেকে ৫০ জন মানুষ বজ্রপাতে মারা যান। শুধু মানুষই নয়, গৃহপালিত পশু—গরু, ছাগল, মহিষ—এবং বিভিন্ন জাতের পাখিও বজ্রপাতে মারা যায়, যার অনেক ঘটনার কোনো হিসাবও থাকে না।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কৃষকরা হাওরে ধান কাটতে গিয়ে অথবা জেলেরা মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারান। খোলা হাওরে আশ্রয়ের কোনো নিরাপদ জায়গা না থাকায় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় তারা জীবন বাঁচানোর সুযোগ পান না।
এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি—সুনামগঞ্জের প্রতিটি হাওরে দুই থেকে এক কিলোমিটার দূরত্বে একটি করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হোক। বৈশাখ মাসে কৃষক ও শ্রমিকরা ধান কাটার সময় সেখানে আশ্রয় নিতে পারবেন, আর বর্ষাকালে জেলেরা মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়-বৃষ্টি হলে নিরাপদ আশ্রয় পাবেন। এমন আশ্রয় কেন্দ্র থাকলে বজ্রপাতে কৃষক ও জেলেদের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন সচেতন মহল।
এই দাবির প্রেক্ষিতে সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা আবারও বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। গত ১৮ এপ্রিল ২০২৬, শনিবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ জন কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ধর্মপাশা, তাহিরপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলায়। নিহতরা মূলত ধান কাটা, ঘাস কাটা এবং হাঁস চরাতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। এ ঘটনা আবারও প্রমাণ করে, হাওর অঞ্চলে নিরাপদ আশ্রয় কেন্দ্রের অভাব কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।
সুনামগঞ্জের হাওরে আশ্রয় কেন্দ্র নির্মাণের বিষয়টি ইতোমধ্যে সংসদে উত্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। এলাকাবাসী আশাবাদী—তার উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বজ্রপাতে প্রাণহানি অনেকাংশে কমে আসবে।
হাওরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে প্রতিটি হাওরে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। এতে কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবন রক্ষা পাবে এবং প্রতি বছরের এই মর্মান্তিক প্রাণহানির সংখ্যা কমে আসবে।
মানুষের জীবন রক্ষায় এখনই প্রয়োজন বাস্তব পদক্ষেপ—হাওরে আশ্রয় কেন্দ্র নির্মাণ হোক সময়ের দাবি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport