সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মনিরুজ্জামান জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন প্রামানিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাজলা ইউনিয়নের চরপাকুরিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চরপাকুরিয়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নান্টুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী সকিনা বেগম, মেয়ে শম্পা, ছেলে সোহেল ও নাহিদ, বোন মঞ্জুয়ারা, ভাই মোফাজ্জল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন হেলালউদ্দীন, রুবেল প্রামানিক, নুরুল ইসলাম, মুক্তা, শহিদা বেগমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মোসলেম উদ্দিন প্রামানিক একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার ও ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, জমিজমা ও গোচারণভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চরপাকুরিয়া এলাকায় মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: