শ্রমিক লীগ থেকে বিএনপিতে রমজান শেখ, তৃণমূলে রাজনীতিতে নতুন সমীকরণ
শ্রমিক লীগ থেকে বিএনপিতে রমজান শেখ, তৃণমূলে রাজনীতিতে নতুন সমীকরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ ১০ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় শ্রমিক লীগের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন রমজান শেখ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বাগেরহাটে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের উপস্থিতিতে ফুল গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, রমজান শেখ এর আগে জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলার ৪ নম্বর শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার কারণে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারছিলেন না। এ প্রেক্ষিতে ২০২২ সালের ২০ মে তিনি জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলা সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তার অনুপস্থিতির ফলে সংগঠনের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সংগঠনের সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি সকল পদ ও রাজনৈতিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিএনপিতে যোগদান উপলক্ষে বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসীদের জন্য বিএনপি সবসময় উন্মুক্ত। নতুন নেতাকর্মীদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাগেরহাট জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানের পর রমজান শেখ বর্তমানে নিজ এলাকা চিতলমারীতে বাগেরহাট–১ আসনের ধানের শীষের কান্ডারি বাবু কপিল কৃষ্ণ মন্ডলের প্রচার ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যেতে চান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: