লকডাউন ঘিরে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আ.লীগের মশাল মিছিল, উত্তেজনা
লকডাউন ঘিরে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আ.লীগের মশাল মিছিল, উত্তেজনা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার পাঁচটি উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। আকস্মিক এসব কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও স্থানীয়দের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।
জেলার গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে কাশিয়ানীর ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনে মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি অতিক্রম করছিল। গাড়িটি সামনে থাকা অবস্থায়ও মিছিলকারীরা স্লোগান দিতে থাকেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মশাল মিছিল বের হয়। মিছিলটি লেক পার্ক ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। এর অংশ হিসেবে কোটালীপাড়ায়ও কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবারও সেখানে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও দাবি করেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে আট দফা দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এদিকে, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও সন্ধ্যায় মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও বিক্ষোভ ও মিছিলের খবর পাওয়া গেছে।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির আগে জেলার একাধিক উপজেলায় একই দিনে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
লকডাউন কর্মসূচিকে ঘিরে আগামী দিনগুলোতে জেলার রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে এগোয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



