রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

আজাদ রুহুল আমিন, বাগেরহাট প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আগস্ট মাসে কেন্দ্রটি ৭৭১.৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা ৭৮.৫৮ শতাংশ প্ল্যান্ট লোড ফ্যাক্টর (PLF) অর্জনের মাধ্যমে দেশের মোট ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট উৎপাদনের ৭.১৫ শতাংশ অবদান রাখে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে প্ল্যান্টটি। এ সময়ে মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৩৬.৪ মিলিয়ন ইউনিট।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ-ভারতের মৈত্রীর প্রতীক এই বিদ্যুৎকেন্দ্র আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল হলেও আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা যেমন ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা হচ্ছে।
স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এই কেন্দ্র শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে মৈত্রী বিদ্যুৎকেন্দ্র আজ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের এক অন্যতম ভিত্তি স্তম্ভে পরিণত হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: