শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

মোল্লাহাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩২৯ শিক্ষার্থী

27 November, 2026 9:18:48
মোল্লাহাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩২৯ শিক্ষার্থী

মোল্লাহাট উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বিকেএ) প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘এম বদিউজ্জামান বিদ্যানিকেতন’ কেন্দ্রে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আয়োজক ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতায় এবারের বৃত্তি পরীক্ষায় মোল্লাহাট উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৮ জন এবং পার্শ্ববর্তী রামপাল উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। দুই উপজেলা মিলিয়ে মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৯ জন শিক্ষার্থী এই কেন্দ্রে মেধা যাচাইয়ের পরীক্ষায় বসেছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী মোল্লাহাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— এম বদিউজ্জামান বিদ্যানিকেতন, চুনখোলা আইডিয়া প্রিক্যাডেট স্কুল, হলিচাইল্ড প্রিক্যাডেট স্কুল (নাশুখালি), গ্লোবাল কিন্ডারগার্টেন (জয়ডিহি), এম জামান কিন্ডারগার্টেন (দারিয়ালা), চরকুলিয়া আইডিয়াল প্রিক্যাডেট স্কুল এবং দি হলি চাইল্ড প্রিক্যাডেট স্কুল (চুনখোলা)। অন্যদিকে রামপাল উপজেলা থেকে অংশগ্রহণ করেছে ময়না আদর্শ কিন্ডারগার্টেন (গিলাতলা)।

এম বদিউজ্জামান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রফেসার শেখ হেকমত আলী জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটানো, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এমন আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মাঝেও ইতিবাচক আগ্রহ পরিলক্ষিত হয়।

পরীক্ষা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্র কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও আশপাশে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় সচেষ্ট রয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। সব মিলিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় কেন্দ্র এলাকায় একটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard