মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়ে বিভ্রান্তি, দাফন-সৎকার ঘিরে উত্তেজনা
মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়ে বিভ্রান্তি, দাফন-সৎকার ঘিরে উত্তেজনা
মাহামুদুল হাসান মাইকেল, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নব মুসলিম এক ব্যক্তির মরদেহ দাফন না সৎকার—এ নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও উত্তেজনাকর পরিস্থিতি।
জানা গেছে, উপজেলার দত্তডাঙ্গা এলাকার রাইরসরাজ সেবা আশ্রমে আশ্রিত সুব্রত পোদ্দার ওরফে সোহাগ (প্রায় ৪০) নামের এক ব্যক্তি বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুব্রত গোপালগঞ্জ সদর থানার তেঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং সুকলাল পোদ্দারের ছেলে। দীর্ঘ প্রায় তিন বছর ধরে তিনি মাকে নিয়ে উক্ত আশ্রমে বসবাস করছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে তিনি এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সুন্নতে খাতনা সম্পন্ন করে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন। প্রথম সংসার টিকেনি। পরে কাশিয়ানী উপজেলার আরেক মুসলিম নারীকে বিয়ে করেন। ওই সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১২ বছর।
তবে নিহতের মা দাবি করেন, তার ছেলে ধর্ম পরিবর্তন করেছেন—এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। অন্যদিকে, নিহতের দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং তার সৎকার অবশ্যই ইসলামী শরিয়াহ অনুযায়ী দাফন করতে হবে।
এদিকে, মৃত্যুর পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মরদেহটি মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের উত্তর আমবাড়ি শ্মশানে নিয়ে যান এবং দাহ করার প্রস্তুতি নেন। তবে স্ত্রী এসে বাধা দেওয়ায় দাহ কার্যক্রম স্থগিত থাকে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমজানুল হক জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

