মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ

2 November 2026, 12:17:16

মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ছয়জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মোরেলগঞ্জ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির নেতা মো. মেয়ারাজুল ইসলাম খসরু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, দি আর্থ প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. আলী হোসেন, সহকারী উপজেলা সমন্বয়কারী রওনক এবং জাগরণী ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান প্রমুখ।

এ সময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মসিউর রহমান মাসুম, সাংবাদিক শেফালী আক্তার, সাংবাদিক নাজমুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ছয়জন যুব উদ্যোক্তার হাতে মোট ৮ লাখ টাকার ঋণের চেক তুলে দেন। ঋণপ্রাপ্তরা হলেন— বহরবুনিয়ার জিলান রহমান, খাউলিয়ার মিজান মোল্লা, পুটিখালীর আব্দুল হাই, শৌলখালীর শুভময় আরিন্দা, বারইখালীর সাইফুল ইসলাম ও সোমাদ্দারখালীর তামিম হাওলাদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতীদের পাশাপাশি স্থানীয় সরকার ও জলবায়ু পরিবর্তন প্রকল্প (LoGIC Project)-এর আওতায় বারইখালী, নিশানবাড়িয়া, জিউধরা ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নিবন্ধিত যুব সদস্যরাও অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশদূষণ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষ, কর্মক্ষম ও দায়িত্বশীল যুবসমাজের বিকল্প নেই। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ফর দ্য সুন্দরবনের প্রতিনিধি ইসরাত জাহান নাদিয়া।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard