মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বালুরমাঠ পশুরহাটের শুভ উদ্বোধন,ঈদকে ঘিরে জমে উঠছে বেচাকেনা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ইতিহাস, ধর্ম / বিস্তারিত

মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বালুরমাঠ পশুরহাটের শুভ উদ্বোধন,ঈদকে ঘিরে জমে উঠছে বেচাকেনা

22 May 2026, 4:16:26

মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বালুরমাঠ পশুরহাটের শুভ উদ্বোধন,ঈদকে ঘিরে জমে উঠছে বেচাকেনা

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশুরহাটের কার্যক্রম। শুক্রবার (২২ মে) শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা খামারি, ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে এ পশুরহাট।
হাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে কাঠালতলা এলাকার মোঃ সোহাগ শেখের কাছ থেকে উপজেলার গোয়ালবাড়িয়া এলাকার ফিরোজ শেখ ৭৩ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন। এর মধ্য দিয়েই পশু বেচাকেনার আনুষ্ঠানিক সূচনা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মাতুব্বর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ লুতফর রহমান ফকির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার, জাহাঙ্গীর আলম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাট ঘুরে দেখা যায়, স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল নিয়ে আসতে শুরু করেছেন। দেশীয় জাতের পশুর পাশাপাশি উন্নত জাতের বড় আকৃতির গরুও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে বড় ও স্বাস্থ্যবান গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। অনেক খামারি আশা প্রকাশ করেছেন, এবারের ঈদে ভালো দামে পশু বিক্রি করে লাভবান হতে পারবেন।
হাট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মাতুব্বর সাংবাদিকদের জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্তে বসানো হয়েছে আধুনিক মেশিন। এছাড়াও পরিচ্ছন্নতা, যানবাহন পার্কিং, বিশ্রাম ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যাতে হাটে আগত কেউ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।


হাটে আসা কয়েকজন খামারি জানান, গত বছরের তুলনায় এবার পশুর চাহিদা ভালো রয়েছে। বিশেষ করে বড় ও স্বাস্থ্যবান গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। অন্যদিকে ক্রেতারাও বলছেন, সাধ্যের মধ্যে পছন্দের পশু কেনার আশায় তারা প্রতিদিন হাটে আসছেন।

আয়োজকদের ধারণা, আগামী সোমবার থেকে পশুরহাট পুরোপুরি জমে উঠবে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে ক্রেতা-বিক্রেতার সমাগম। ফলে বালুর মাঠের এই ঐতিহ্যবাহী পশুরহাট এবারও মোরেলগঞ্জের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় কোরবানির পশুরহাট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: