শনিবার ২৫ জুলাই, ২০২৬

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

23 July, 2026 11:44:34
ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায় পোনা মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৭৭টি অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভূল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিরাজাম মুনীরা সুমি-এর নেতৃত্বে ভূল্লী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন ও ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের রঙ্গিয়ানী বাজার এবং আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া বা ব্যবহৃত ২৬টি অবৈধ রিংজাল ও ৫১টি কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত সব জাল ভূল্লী থানা কমপ্লেক্সে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, অবৈধ রিংজাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে পোনা মাছ নিধন করা হলে দেশের মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রজননক্ষম মাছ ও বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অবৈধভাবে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport