ভাণ্ডারিয়ায় শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন, ফাঁসির দাবি
ভাণ্ডারিয়ায় শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন, ফাঁসির দাবি

নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর):
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং এর সাথে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’র দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক সমাজের যৌথ আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, এবং সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ভাণ্ডারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব বাদশা জোমাদ্দার, সভাপতি মেহেদি হাসান, সাংবাদিক মাইনুল মুক্তি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান সরদার প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা শুধুমাত্র একটি পরিবারের ক্ষতি নয়, বরং এটি সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।”
তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ কার্যকর করার দাবি জানান তারা।
পরিশেষে বক্তারা সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু রামিসার হত্যাকারী নয়, দেশের সকল ধর্ষক ও নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তারা জোর দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: