বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ, দুই দশকেও পূরণ হয়নি প্রতিশ্রুতি

26 August, 2026 10:03:58
ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ, দুই দশকেও পূরণ হয়নি প্রতিশ্রুতি

মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ

আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির প্রস্তাবিত কয়লাখনির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তৎকালীন বিডিআরের গুলিতে তিন তরুণ—তরিকুল, আমিন ও সালেকিন নিহত হন। আহত হন শতাধিক আন্দোলনকারী। এরপর থেকেই দিনটি ফুলবাড়ী ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন আন্দোলনকারীরা।

ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগের প্রতিবাদে ২০০৬ সালের ২৬ আগস্ট স্থানীয় জনতা ও জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীরা বড় সমাবেশ করেন। সমাবেশ শেষে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটে।

ওই ঘটনার পর ফুলবাড়ীসহ আশপাশের এলাকায় আন্দোলন আরও তীব্র হয়। ৩০ আগস্ট তৎকালীন সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হয়। সেখানে ছয় দফা দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়েছিল বলে আন্দোলনকারীদের দাবি। দাবিগুলোর মধ্যে ছিল এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহার এবং দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, ২০ বছর পেরিয়ে গেলেও ওই ছয় দফার পূর্ণ বাস্তবায়ন হয়নি। আন্দোলনের সময় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোরও সব প্রত্যাহার হয়নি।

ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প নিয়ে আন্দোলনকারীদের প্রধান আশঙ্কা ছিল—উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে কৃষিজমি, ভূগর্ভস্থ পানি ও পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে কৃষিনির্ভর বিপুল জনগোষ্ঠী।

দেশের উত্তরাঞ্চলে কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের একাধিক মজুতের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলা খনি, ফুলবাড়ী ও নবাবগঞ্জের দিঘীপাড়া কয়লাখনি, হিলির লোহার খনি, জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের পীরগঞ্জের খালাশপীর কয়লাখনি উল্লেখযোগ্য।

২০০৫ সাল থেকে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খনি কার্যক্রমের কারণে ওই এলাকায় আবাদি জমি ও বসতভিটাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, ‘দাবি বাস্তবায়ন না হলে এশিয়া এনার্জিকে বিতাড়িত করতে ফুলবাড়ীবাসী আবারও ঐক্যবদ্ধ হবে। তিন ফসলি জমি আমাদের স্থায়ী সম্পদ। অস্থায়ী সম্পদের জন্য এটি নষ্ট করা যাবে না।’

তিনি বলেন, বড়পুকুরিয়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলেও সেখানেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেককে স্থানান্তরিত করা হয়েছে এবং আবাদি জমি নষ্ট হয়েছে।

আন্দোলনের সময় মামলা হওয়া গণমাধ্যমকর্মী লিমন হায়দার বলেন, ‘২০০৬ সালের আন্দোলনের ঘটনায় আমার নামেও মামলা দেওয়া হয়েছিল। ফুলবাড়ীর কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে আমি শুরু থেকেই ছিলাম।’

ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মরণসভা, শোক র‌্যালি, মানববন্ধনসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা নিহতদের স্মরণ করার পাশাপাশি ছয় দফা বাস্তবায়ন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ না নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport