মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬

ফুলবাড়িতে আদালতের রায় অমান্য করে দুই পক্ষের চলছে জমি দখলের পায়তারা

19 July, 2026 6:36:44
ফুলবাড়িতে আদালতের রায় অমান্য করে দুই পক্ষের চলছে জমি দখলের পায়তারা

শাহজামাল শাওন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনি রাম এলাকায় উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে সংঘবদ্ধভাবে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সিরাজুল হক (৪৭) বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ সিরাজুল হক জানান, বিরোধীয় জমিটি তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সংশ্লিষ্ট জমির এসএ (SA) ও বিআরএস (BRS) রেকর্ড তার নামে রয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। জমি-সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন থাকায় সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে দুলাল হোসেন, রিপন, ফারুক, নাজমুল, পানশি, ফেনশি ও মুকুলসহ নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র—দা, বটি, রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করেন। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা জোরপূর্বক জমিতে বাঁধ নির্মাণের চেষ্টা করেন, জমিতে থাকা পাট কেটে নিয়ে যান এবং বিভিন্ন মালামাল লুটপাট করেন। এতে বাধা দিলে অভিযোগকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মোঃ সিরাজুল হক বলেন, উচ্চ আদালতের স্থিতাবস্থার নির্দেশনা কার্যকর থাকা সত্ত্বেও যদি প্রকাশ্যে এভাবে জমি দখলের চেষ্টা করা হয়, তাহলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা ক্ষুণ্ন হবে। আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
লিখিত অভিযোগে নামীয় ব্যক্তিদের পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিবাদী পক্ষের কাছে জানতে চাইলে তারা জানান, জমির পৈত্রিক সূত্রে মালিক হিসেবে সম্পত্তি বাবার সম্পত্তি তার মেয়ে পায় আমরা ৪ জন বোন জমির মালিক কিন্তু তারা দখল ছাড়ি দিচ্ছে না আমরা প্রথমে নিম্ন কোর্টের রায় পেয়েছি তারা জজ কোর্টের রায় পেয়েছে পরবর্তীতে মামলায় হাইকোর্টের রায় পেয়েছি।তারা আবার রাই স্থগিত করেছেন। এর আগেও ম্যাজিস্ট্রেট জমি ভাগাভাগির সিদ্ধান্ত দিয়েছেন তা অমান্য করেছেন বাদী পক্ষ।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport