ফকিরহাটে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, ৪ মাদক কারবারি গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম

ফকিরহাটে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, ৪ মাদক কারবারি গ্রেপ্তার

30 January 2026, 12:47:27

ফকিরহাটে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে চারজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরহাট আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— সরদার আরিফুজ্জামান (৪৫), পিতা: মৃত সরদার আক্কাস আলী; সাইফুল ইসলাম হিরক (৩৫), পিতা: শেখ সিদ্দিকুর রহমান; মোঃ ইমরান মোল্লা (৩০), পিতা: মোঃ জাকির মোল্লা এবং মোঃ ফরহাদ শেখ (৩২), পিতা: হেভেন আলী শেখ।

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ কারণে তাদের চলাফেরা ও অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী তাদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ফয়েল পেপার, একটি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, একটি ব্যাংক কার্ড এবং নগদ ৬ হাজার ৪১৩ টাকা উদ্ধার করা হয়।

পরে আটককৃত চারজনকে উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: