পার্বতীপুরে মাদকবিরোধী সভা মাদকের ভয়াবহতা ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
পার্বতীপুরে মাদকবিরোধী সভা মাদকের ভয়াবহতা ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নষ্ট করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। একটি তরুণ যখন মাদকে জড়িয়ে পড়ে, তখন তার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে যায়, তেমনি পরিবারও নানা সংকটের মুখে পড়ে।”
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
চেয়ারম্যান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও বাড়াতে হবে।”
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তির কারণে একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি পরিবারে অশান্তি, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের ঝুঁকি বাড়ে। তাই মাদক প্রতিরোধে সচেতনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।
সভায় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং সদ্য বিলুপ্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেন ও আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
সভায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



