রবিবার ২২ নভেম্বর, ২০২৬

পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি বোমা উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়

20 November, 2026 10:19:57
পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি বোমা উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়

আব্দুল্লাহ্ আলা মামুন, জেলা প্রতিনিধি(পঞ্চগড়)

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ একটি বস্তু প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটি নিরাপদ স্থানে রাখে। ঘটনাটিকে কেন্দ্র করে পঞ্চগড়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাজশাহী থেকে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়।

রাতে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তুটি নিষ্ক্রিয় করে।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বাংলানিউজকে বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমা সদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবি’র বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করে এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে নিশ্চিত করেন।

বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে বস্তুটি সেখানে রেখে যায়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard