নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত, সঠিক পরিমাপ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত, সঠিক পরিমাপ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

20 May 2026, 8:17:21

নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত, সঠিক পরিমাপ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

“Metrology: Building Trust in Policy Making” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ মে) জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ বুলবুল কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফিকুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতিখার উদ্দিন আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই নরসিংদীর উপপরিচালক (সিএম) কে এম রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, নীতি নির্ধারণ, শিল্প উৎপাদন, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক পরিমাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের শিল্প ও বাণিজ্য খাতে আস্থা বৃদ্ধি পাবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

সভায় বিএসটিআই’র পক্ষ থেকে ভেজালবিরোধী অভিযান, ওজন ও পরিমাপ কার্যক্রম, QR Code সংবলিত হলমার্ক প্রদানসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসটিআই সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষে এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান বলেন “সঠিক পরিমাপ একটি উন্নত সমাজ ও অর্থনীতির ভিত্তি।

ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ভোক্তা সুরক্ষায় আন্তর্জাতিক মানসম্পন্ন পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।” তিনি ভেজাল ও পরিমাপে কারচুপি রোধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির বলেন, খাদ্য ও ওষুধসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক মান নিয়ন্ত্রণ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, মিল ও বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ এর সফলতা কামনা করে বক্তারা দেশে সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard