বুধবার ৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের বিরামপুরে নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও

2 November, 2026 11:48:51
দিনাজপুরের বিরামপুরে নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের যানজট, অবৈধ যানবাহনের স্ট্যান্ড, ফুটপাত দখল, শব্দদূষণ ও জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি জানিয়েছে বিরামপুর পেশা জীবী ঐক্য ফ্রন্ট। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুনের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণের পরপরই ইউএনও মোছাঃ তানজিনা খাতুন শহরের গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মোড়ে যান এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
সংগঠনের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সরকারের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিরামপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও বিভিন্ন নাগরিক সমস্যা ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শহরের প্রধান সড়ক ও প্রাণকেন্দ্রে যানজট, অবৈধ যানবাহনের স্ট্যান্ড এবং সড়ক দখলের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে— পৌর শহরের প্রধান সড়ক ও প্রাণকেন্দ্র থেকে অবৈধ অটো, রিকশা, মিশুক, টেম্পু, ভ্যান, বাস ও ট্রাকের স্ট্যান্ড অপসারণ করে নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন; কলাবাগান মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সামনের রাস্তা যানজটমুক্ত রাখা; অটো ও রিকশার ভাড়া নির্ধারণ করে তালিকা কার্যকর করা; অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ; সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা; ঢাকা মোড়, কলাবাগান ও কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন; পৌর প্রশাসকের সপ্তাহে অন্তত দুই দিন পৌরসভা কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এসব সমস্যা দীর্ঘদিন ধরে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিশেষ করে কলাবাগান এলাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী, স্বজন ও অ্যাম্বুলেন্সকে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই জনস্বার্থে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
তাঁরা আরও বলেন, বিরামপুরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্মারকলিপি গ্রহণের পর ইউএনওর ঢাকা মোড় পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নাগরিক সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশার সঞ্চার হয়েছে। এখন পৌরবাসীর প্রত্যাশা, উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard