তরুণদের উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান, এলাকাবাসীর স্বস্তি
তরুণদের উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান, এলাকাবাসীর স্বস্তি

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪ নং আঠারোবাড়ী ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের দুটি গ্রামের স্টেশন বাইপাস সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা অবশেষে নিরসন হয়েছে। তরুণ কর্মীদের উদ্যোগ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা এবং এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে এ সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন বাইপাস সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিষয়টি নিয়ে বহুদিন ধরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ থাকলেও কার্যকর উদ্যোগের অভাব ছিল।
এ অবস্থায় এলাকার একদল তরুণ কর্মী সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পরে সমন্বিত প্রচেষ্টায় সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটে।
এলাকার প্রবীণ মুরুব্বিরা বলেন, সমাজের উন্নয়নে তরুণদের এমন ইতিবাচক উদ্যোগকে নিরুৎসাহিত না করে বরং উৎসাহ ও সাহস জোগানো উচিত। তারা মনে করেন, জনস্বার্থে তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জলাবদ্ধতা নিরসনের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ উদ্যোগে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া এলাকাবাসী সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনদুর্ভোগ নিরসনে তাঁর সহযোগিতা ও সদিচ্ছা এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: