চিতলমারী উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
চিতলমারী উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
মো: আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন। ঢোল-বাদ্য, মুখোশ ও বৈশাখী সাজে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া আয়োজনের অংশ হিসেবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠাপুলির স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ মো. মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এবং চিতলমারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী; উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব (ঠান্ডু); সাংগঠনিক সম্পাদক ফজলুল হক শেখ; চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান (পিকলু); উপজেলা যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে উপজেলা চত্বরে বসে বৈশাখী মেলা। পিঠাপুলি, হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের বিভিন্ন স্টলে ভিড় করেন দর্শনার্থীরা। আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালির ঐতিহ্যের মেলবন্ধনে মুখর হয়ে ওঠে পুরো চিতলমারী।
আয়োজকরা জানান, এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



