চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তানভীরের প্রাণ
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তানভীরের প্রাণ
চিতলমারী প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো এক স্বপ্নবাজ কিশোরের প্রাণ। বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে চিতলমারি থেকে শিবপুর ফেরার পথে আমতলা ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় মো. তানভীর মোল্লা (১৭)।
নিহত তানভীর শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার একমাত্র ছেলে। সদ্য এসএসসি পরীক্ষায় চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ পেয়ে পরিবার ও এলাকার গর্ব হয়ে উঠেছিল সে। স্বপ্ন ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা। সেই স্বপ্ন অকালেই ঝরে গেলো একটি সড়ক দুর্ঘটনার নির্মমতায়।
পরিবারের লোকজন জানায়, সকালে মায়ের সঙ্গে চিতলমারি গিয়েছিল তানভীর। পরে মাকে রেখে বাড়ি ফিরছিল পরিচয়পত্র আনতে। পথে দুর্ঘটনায় তার জীবন থেমে যায়।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মহিদুল ইসলাম বলেন, “আমি রাস্তার পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ততক্ষণে সে আর বেঁচে নেই।”
হঠাৎ এই মৃত্যুর খবরে তানভীরের বাড়িতে শুরু হয়েছে শোকের মাতম। একমাত্র সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা; বাবা অসহায় হয়ে বারবার চিৎকার করে কাঁদছেন। প্রতিবেশীরা বলছেন, এ শোক শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামই আজ মর্মাহত।
তানভীরের সহপাঠীরা জানায়, পড়াশোনায় সে ছিলো মেধাবী, হাসিখুশি এবং সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে বন্ধুরা স্তব্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষায়—একটি দুর্ঘটনা কেড়ে নিলো এক উজ্জ্বল ভবিষ্যৎ, ভেঙে দিলো এক পরিবারের সব স্বপ্ন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



